
মো:আমির হোসাইন,শাল্লা প্রতিনিধি:: দাবি মোদের একটাই, শাল্লা দিরাই সড়ক চাই। বাক্যটিকে শিরোনাম করে সুনামগঞ্জের শাল্লা উপজেলার সর্বস্তরের জনগণ এক মানববন্ধনে মিলিত হন। মঙ্গলবার ২৫মে বেলা ১১টায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩/৪শ’ লোকের সত:স্ফুত অংশগ্রহণে শাল্লা সরকারি ডিগ্রি কলেজের সামনের রাস্তায় উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, সুনামগঞ্জ-মদনপুর-দিরাই-শাল্লা-বানিয়াচং ভায়া হবিগঞ্জ টু ঢাকা একটি আঞ্চলিক মহাসড়ক। সড়কটির একটি অংশ হলো দিরাই টু শাল্লা। শাল্লা হতে দিরাই পর্যন্ত সড়কটি নির্মাণ করা হলে শাল্লাবাসির দীর্ঘদিনের দাবি সম্পন্ন হবে। জেলা শহর সুনামগঞ্জ ও বিভাগীয় শহর সিলেটের সাথে শাল্লাবাসির যোগাযোগ সহজ হবে। তাছাড়া আঞ্চলিক মহাসড়কটির কাজ বাস্তবায়িত হলে সুনামগঞ্জ থেকে ঢাকার দূরত্ব প্রায় ৯০ কিলোমিটার কমে যাবে এবং সময় বাঁচবে প্রায় দুই ঘন্টা।
উক্ত মহাসড়কের দিরাই-শাল্লা অংশে গত ২০১১ সালে রাস্তার কাজ শুরু হয়। যার ব্যয় হিসেবে ১শ’ ২০ কোটি টাকা বরাদ্দ ছিল। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠান ২০১১ সালে কাজ শুরু করে দীর্ঘ ৭ বছর পর ২০১৭ সালের জুন মাসে অসমাপ্ত অবস্থায় রাস্তার কাজ সমাপ্ত করে এবং ১শ’ ২০কোটি টাকার মধ্যে ৯৯ কোটি টাকা ব্যয় হিসেবে উত্তোলন করা হয়। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। শাল্লাবাসির যোগাযোগের স্বপ্ন থেকে যায় স্বপ্নেই।
আর এতেই শাল্লার আপামর জনতা ক্ষোভে, দূ:খে একমাত্র রাস্তার দাবিতে গত কয়দিন পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাস্তার দাবিতে ফেস্টুনের মাধ্যমে একটি প্ল্যাটফরম তৈরী করেন এবং ওই মানববন্ধনের ডাক দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমেই একত্রিত হয়ে শাল্লা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের উদ্যোগে শাল্লার সর্বস্তরের জনগণের ব্যানারে যথাযথভাবে স্বাস্থ্য বিধি অনুসরণ করে এদীর্ঘ মানববন্ধন কর্মসূচি সফল হয়। এসময় উপস্থিত সাধারণ জনতা দাবি মোদের একটাই, শাল্লা দিরাই সড়ক চাই শ্লোগানে এলাকা মুখরিত করে তুলেন। তাছাড়া অনুষ্ঠিত মানববন্ধনে শ্যামারচর, দিরাইয়ের অ্যানিমেশন স্বেচ্ছাসেবী সংগঠন নামের একটি সামাজিক সংগঠনও নিজস্ব ব্যানারে মিলিত হন।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি বকুল আহমেদের পরিচালনায় রাস্তার দাবি বাস্তবায়নে সাতদিন গণস্বাক্ষর নিয়ে আগামি ১জুন মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়ার ঘোষনা করা হয়।