
ওসমানীনগর প্রতিনিধিঃ
সিলেটের ওসমানীনগর উপজেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র গোয়ালা বাজারে চরম যানজট ও রাস্তাঘাটের বেহাল দশা জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। ঢাকা-সিলেট মহাসড়কের এই গুরুত্বপূর্ণ অংশে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। নিয়ন্ত্রণহীনভাবে চলাচলকারী ব্যাটারি চালিত টমটম, দখল হয়ে যাওয়া ফুটপাত ও খানা-খন্দে ভরা রাস্তাঘাটের কারণে চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা, স্কুলগামী শিক্ষার্থীরা, পথচারীরা এবং রোগীবাহী অ্যাম্বুলেন্স।
স্থানীয়দের অভিযোগ, গোয়ালা বাজার থেকে প্রতিবছর সরকার কোটি টাকার রাজস্ব পেলেও এলাকাটি এখনও উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত। বাজারের দুই পাশের ফুটপাত দীর্ঘদিন ধরে দখল করে বসানো হয়েছে দোকান। পাশাপাশি, টমটম গাড়িগুলোর অবাধ ও অপরিকল্পিত চলাচলের কারণে রাস্তার চলাচলযোগ্য অংশটুকুও প্রায় অচল হয়ে পড়েছে।
বিশেষ করে শেরপুর টোল প্লাজা থেকে তাজপুর কদমতলা পর্যন্ত সড়কটির যানজট গোয়ালা বাজার অংশে এসে তীব্র আকার ধারণ করে। ফলে রোগীবাহী অ্যাম্বুলেন্স, দূরপাল্লার যাত্রীবাহী বাসসহ গুরুত্বপূর্ণ যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, “গোয়ালা বাজার এই অঞ্চলের অর্থনীতির প্রাণকেন্দ্র হলেও এর অবকাঠামো চরম অব্যবস্থাপনার শিকার। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে এ সমস্যার আরও অবনতি ঘটবে।”
স্থানীয়দের দাবি, গোয়ালা বাজারের যানজট নিরসন ও অবকাঠামো উন্নয়নের জন্য দ্রুত প্রশাসনিক নজরদারি এবং পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জয়নাল আবেদীন জানিয়েছেন, জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এবং ফুটপাত দখলমুক্ত রাখতে গোয়ালা বাজার এলাকায় ইতোমধ্যে অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও জানান, পথচারীদের দুর্ভোগ লাঘবে এবং সুশৃঙ্খল যান চলাচল বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।