, ,

প্রবাসী জালালাবাদবাসীর ঐক্য ও উন্নয়নে কাজ করার প্রত্যয় মিলাদ আহমদের

admin
প্রকাশিত October 27, 2026, 01:13 PM
প্রবাসী জালালাবাদবাসীর ঐক্য ও উন্নয়নে কাজ করার প্রত্যয় মিলাদ আহমদের

টরন্টো (কানাডা) প্রতিনিধি: জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টো, কানাডার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির (২০২৬–২০২৯) পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে মনোনীত হওয়ায় মিলাদ আহমদকে সংবর্ধনা দিয়েছে ছাতক-দোয়ারা অ্যাসোসিয়েশন টরন্টো, কানাডা।

গতকাল রবিবার সন্ধ্যা ৭টায় টরন্টোর একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সহসভাপতি কাওছার আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফাভিল আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক পঙ্কজ কান্তি চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর সভাপতি এবাদ চৌধুরী।

সংবর্ধিত অতিথির বক্তব্যে মিলাদ আহমদ বলেন, জালালাবাদবাসীর কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। এই সংগঠন আমাদের প্রবাসী সিলেটবাসীর ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের প্রতীক। পরিচালনা পর্ষদের একজন সদস্য হিসেবে আমি প্রবাসী জালালাবাদবাসীর স্বার্থ রক্ষা, সামাজিক উন্নয়ন এবং নতুন প্রজন্মের সঙ্গে আমাদের শিকড়ের বন্ধন আরও সুদৃঢ় করতে আন্তরিকভাবে কাজ করতে চাই। সবার সহযোগিতা, পরামর্শ ও দোয়া নিয়ে সংগঠনকে আরও এগিয়ে নেওয়াই আমার প্রত্যাশা।

তিনি আরও বলেন, ছাতক-দোয়ারা অ্যাসোসিয়েশনের এই সংবর্ধনা তাঁর জন্য অত্যন্ত আনন্দের ও সম্মানের। সংগঠনের নেতৃবৃন্দের ভালোবাসা ও আন্তরিকতাকে তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন টরন্টোর সাবেক সভাপতি ও সেনেকা কলেজের শিক্ষক প্রফেসর আতাউর রহমান, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর নির্বাহী সহসভাপতি মেহেদী মারুফ, সাধারণ সম্পাদক রাসেল রহমান, সহসভাপতি তাহমিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক মেহেদী চৌধুরী, সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের নির্বাহী সহসভাপতি কপিল উদ্দিন বাবলু, জগন্নাথপুর অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার জায়গীরদার এবং শান্তিগঞ্জ অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান জিতু।

এ ছাড়া বক্তব্য রাখেন ছাতক-দোয়ারা অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এনামুল হক কাচা মিয়া, সিনিয়র সহসভাপতি আবুল হাসনাত, সহসভাপতি মাওলানা ফজলুল হক আমীনী, জগন্নাথপুর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমদ, শান্তিগঞ্জ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুর রশিদ, দিরাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুম্মান আহমদ, ছাতক-দোয়ারা অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মিয়া ও কোষাধ্যক্ষ মইনুল হোসেন রাসেল, তোফায়েল আহমদসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আমন্ত্রিত অতিথিরা তাঁদের বক্তব্যে মিলাদ আহমদের সামাজিক কর্মকাণ্ড, সাংগঠনিক সম্পৃক্ততা, আন্তরিকতা ও নেতৃত্বের প্রশংসা করেন। তাঁরা বলেন, প্রবাসী বাংলাদেশিদের ঐক্য ও কল্যাণে তাঁর মতো নিবেদিতপ্রাণ সংগঠকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জালালাবাদ অ্যাসোসিয়েশনের পরিচালনা পর্ষদে তাঁর অন্তর্ভুক্তি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তাঁরা মিলাদ আহমদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং প্রবাসী কমিউনিটির উন্নয়নে তাঁর অব্যাহত ভূমিকার প্রত্যাশা করেন।