, ,

ওসমানীনগরে নিরাপত্তা কর্মীকে বেঁধে এটিএম বুথ থেকে ২৪ লাখ টাকা লুট

admin
প্রকাশিত September 15, 2021, 07:18 AM
ওসমানীনগরে নিরাপত্তা কর্মীকে বেঁধে এটিএম বুথ থেকে ২৪ লাখ টাকা লুট

নাহিদা আক্তার পপিঃ

সিলেটের ওসমানীনগরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এটিএম বুথ ভেঙে টাকা ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার (১২ সেপ্টেম্বর) ভোর রাতে বুথের নিরাপত্তা কর্মীকে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২৪ লাখ টাকা ২৫ হাজার ৫০০ টাকা লুটে নিয়েছে ডাকাতদল।

জানা যায়, রবিবার ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার শেরপুর নতুন বাজারস্থ ইউনুছ ম্যানশনে অবস্থিত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ফাস্ট ট্র্যাক এটিএম বুথে ডাকাতির এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শেরপুর শাখার ব্যবস্থাপক সৈয়দ আশরাফুল আমিন বলেন, টুপি ও মাস্ক পরে চার ব্যক্তি বুথে ঢুকে নিরাপত্তা কর্মীকে জিম্মি করে বুথ ভেঙে টাকা লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে শেরপুরের ইউনুছ ম্যানশনের ২য় তলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শাখা ও ব্যাংকটির একটি ফাস্ট ট্র্যাক এটিএম বুথ রয়েছে। ওই বুথ থেকেই টাকা লুট করা হয়েছে। ব্যাংকের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ঘটনা তদন্তে মাঠে নেমেছে। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।।