, ,

কাশ্মীর ইস্যুতে সম্পর্কে টানাপড়েন: পাকিস্তানী – সৌদি,

admin
প্রকাশিত August 18, 2020, 09:39 PM
কাশ্মীর ইস্যুতে সম্পর্কে টানাপড়েন: পাকিস্তানী – সৌদি,

দিনরাত সংবাদ:  বিতর্কিত কাশ্মীর অঞ্চল নিয়ে ভিন্ন নীতির কারণে সৃষ্ট দূরত্ব ঘোচানোর জন্য সোমবার সৌদি আরব সফরে গেছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান।

কাশ্মীর প্রশ্নে ভারতের আচরণের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার সৌদি আরবের প্রতি পাকিস্তান যে দাবি জানিয়েছিল, সেটার কারণে ইসলামাবাদের প্রতি রিয়াদের আর্থিক সহায়তার পথ হুমকির মুখে পড়ে গেছে।

পাকিস্তানী সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছে, জেনারেল কমর জাভেদ বাজওয়ার সফর ‘মূলত সামরিক বিষয় নিয়ে’।

তবে, পাকিস্তানী সামরিক বাহিনী ও সামরিক বাহিনীর কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন যে, বাজওয়া বর্তমান পরিস্থিতিকে স্বাভাবিক করার এবং এমনকি সেটাকে পাল্টে দেয়ার চেষ্টা করবেন।

সোমবার রিয়াদে জেনারেল বাজওয়াকে স্বাগত জানান সৌদি চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল ফাইয়াদ বিন হাম্মাদ আল-রুয়াইলি। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “বৈঠকে তারা সামরিক সহযোগিতা বাড়ানো এবং অভিন্ন বিভিন্ন স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেছেন”।

সৌদি আরব ও পাকিস্তান ঐতিহ্যবাহী মিত্র। পাকিস্তানের ঋণ পরিশোধের সঙ্কট কাটিয়ে ওঠার জন্য সৌদি আরব পাকিস্তানকে ৩ বিলিয়ন ডলার ঋণ দেয় এবং তেল কেনার জন্য ৩.২ বিলিয়ন ডলারের ক্রেডিট সুবিধা দেয়।

কাশ্মীরে ভারতের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজনের জন্য ইসলামাবাদ রিয়াদকে চাপ দিলে সৌদি আরব এতে বিরক্ত হয় এবং পাকিস্তানকে এক বিলিয়ন ডলার ঋণ আগাম পরিশোধ করতে বাধ্য করে। এখন আবার আরেক বিলিয়ন ডলার পরিশোধের দাবি জানিয়েছে তারা।

বিষয়টি নিয়ে জানতে চেয়ে সৌদি সরকারের মিডিয়া অফিসের সাথে যোগাযোগ করা হলেও কোন জবাব পাওয়া যায়নি।

তেল সুবিধার বিষয়ে পাকিস্তান অনুরোধ করলেও রিয়াদ সে ব্যাপারেও কোন জবাব দেয়নি বলে সামরিক ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়টার্সকে জানান।

বিশ্লেষকরা বলেছেন, কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন দিয়ে ভারতের সাথে ব্যবসায়িক স্বার্থকে নষ্ট করতে চায় না সৌদি আরব। তাছাড়া সৌদি আরবের প্রধান শত্রু ইরান চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের (সিপিইসি) সাথে যুক্ত হওয়ায় সে ব্যাপারেও আপত্তি জন্মেছে রিয়াদের।

পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি গত সপ্তাহে বলেছেন যে, সৌদি আরব যদি কাশ্মীর ইস্যুতে কোন বৈঠকের ডাক না দেয়, তাহলে এই ইস্যুতে সমর্থক মুসলিম দেশগুলোকে নিয়ে পাকিস্তান নিজেই বৈঠকের আয়োজন করতে পারে।

গত বছর রিয়াদের চাপে শেষ মুহূর্তে মুসলিম দেশগুলোর ফোরাম থেকে সরে আসে ইসলামাবাদ। এই ফোরামকে ওআইসিতে সৌদির নেতৃত্বের জন্য হুমকি হিসেবে দেখছে রিয়াদ।

Source রয়টার্স