নিজস্ব প্রতিবেদক, সিলেট: সিলেট সিটি কর্পোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত শাহপরান উপশহর এলাকার অভ্যন্তরীণ রাস্তাঘাটের অবস্থা দীর্ঘদিন ধরে অত্যন্ত নাজুক। এই আবাসিক এলাকাটি স্থানীয় চা বাগান হয়ে সরাসরি এয়ারপোর্ট রোডের সাথে সংযুক্ত হওয়ায় প্রতিদিন হাজার হাজার যানবাহন ও মানুষ যাতায়াত করেন। কিন্তু গুরুত্বপূর্ণ এই সংযোগ সড়ক ও ভেতরের রাস্তাগুলোতে এখন খানাখন্দ আর বড় বড় গর্তের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাগুলো কাদাপানিতে একাকার হয়ে সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পিচ ও খোয়া উঠে সড়কগুলো মরণফাঁদে পরিণত হয়েছে। চা বাগান হয়ে এয়ারপোর্ট রোডে সহজে যাতায়াতের বিকল্প এই পথটি বেহাল থাকায় শিক্ষার্থী, যাত্রী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জনদুর্ভোগ লাঘবে ৩৪ নম্বর ওয়ার্ডের এই সড়কগুলো দ্রুত ও টেকসই সংস্কারের জন্য সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।