
ছাতক প্রতিনিধিঃ
ছাতকে কঠোর ৭ দিনের লকডাউনের চতুর্থ দিনে উপজেলার বিভিন্ন হাটবাজারে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ব্যাক্তিদের কাছ থেকে ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার (৪ জুলাই) ছাতক পৌর শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান।
এ সময় সরকারী বিধিনিষেধ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে দু’টি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ১৬টি মামলায় ১৩হাজার ৪শত টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।
অভিযানের সময় কাঁচাবাজার, ফলের দোকান, হোটেল রেস্তোরা ও ব্যবসায়ীদের সর্তক করে দেয়া হয় এবং ফার্মেসী ব্যবসায়ীদের স্বাস্থবিধি মেনে ঔষধ বেচা-কেনা করার ও পরামর্শ দেয়া হয়।
একই সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম তাপস শীল, গোবিন্দগঞ্জ ও ধারন বাজারে ৯টি মামলায় ৭হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় থানা পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান জানান, সরকারি নির্দেশ মোতাবেক লকডাউন কার্যকর করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।