
দিনরাত ডেস্কঃ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, জাপানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিক্যাল ইন্টার্নরা বাংলাদেশের শিল্পোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তিনি বলেন, দেশে বিদেশে আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি নির্ভর শিল্প প্রতিষ্ঠানে তাদের চাকুরির সম্ভাবনা রয়েছে। তিনি আরো বলেন, জাপানিজ ভাষায় অধিকতর দক্ষতা অর্জন করায় তারা জাপানিজ ভাষার প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষক হিসেবে যুক্ত করার চিন্তাভাবনা করছে সরকার। এছাড়াও শিক্ষানবিশ কালে জাপানে উপার্জিত অর্থ দিয়ে তারা বাংলাদেশে প্রশিক্ষণ সংশ্লিষ্ট সেক্টরে উদ্যোক্তা হিসেবে ব্যবসা করতে পারে।
মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, সরকার অনগ্রসর জেলাগুলো থেকে অধিক সংখ্যক কর্মী বিদেশে প্রেরণের উপর গুরুত্ব আরোপ করেছে। এছাড়াও বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত লক্ষ্য পূরণে মন্ত্রণালয় উদ্যোগ গ্রহণ করেছে। তিনি আরো বলেন, করোনাত্তর পরিস্থিতিতে শ্রমবাজারের পরিবর্তিত চাহিদার প্রেক্ষিতে কর্মী প্রেরণের লক্ষ্যে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিদেশ প্রত্যাগত অভিজ্ঞ কর্মীদের দেশের অভ্যন্তরে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।