গালওয়ান থেকে শুরু হয়েছে সমস্যা। তার পরে কয়েক মাস কেটে গেলেও পূর্ব লাদাখে সীমান্ত সমস্যার এখনও সমাধান হয়নি। গত দেড় মাস ধরে ভারত-চিনের মধ্যে সেনা এবং কূটনৈতিক পর্যায়ের একাধিক বৈঠকেও কোনও সুরাহা মেলেনি। তার পরেও লাদাখের প্যাংগং, দেপসাং-সহ বিভিন্ন প্রান্তে লাল ফৌজ ঢুকে পড়ার চেষ্টা করেছে। গত বৃহস্পতিবারেও এক দফায় বৈঠক হয়েছে। সূত্রের খবর, সেই বৈঠক থেকেও কোনও আশাপ্রদ ফল মেলেনি।
এক সরকারি সূত্র বলছে, চিনা সেনারা পূর্ব লাদাখে সীমান্তের বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে না। যদি সীমান্ত সংক্রান্ত কোনও প্রোটোকল চিন অমান্য করে তা হলে ভারতীয় সেনার কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাদের। অন্য দিকে, সেনা জানিয়েছে চিনের পিপলস লিবারেশন আর্মি যে ভাবে প্রকৃত নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করছে তা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না।


