
বিশ্বনাথ প্রতিনিধিঃ
সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান বলেছেন, ‘নিজের পকেট থেকে টাকা দিয়ে উন্নয়ন করার লোক যেমন আমাদের সমাজে আছে, তেমনি পকেট কাটা লোকও আছে। আমরা ভুল করে পকেটমারদেরও নির্বাচিত করি। পকেটচোর-দুর্নীতিবাজদের রুখতে আমাদেরকে আরও সচেতন হতে হবে। এ জন্যে প্রয়োজন সুশিক্ষার। স্কুলে ছাত্র-ছাত্রীদেরকে সেই সুশিক্ষা দিয়ে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি অভিভাবক ও এলাকার সচেতন মানুষদেরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
আজ বুধবার (২ মার্চ) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পূর্ব বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮৩ লক্ষ ১৫ হাজার ৮৩৪ টাকা ব্যয়ে নির্মিত নতুন দু’তলা ভবনের উদ্বোধন পরবর্তী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় স্থানীয়দের দাবির প্রেক্ষিতে বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্যে ২ লক্ষ টাকা বরাদ্দের ঘোষণা দেন সংসদ সদস্য মোকাব্বির খান।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে শিক্ষক রফিক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আরশ আলী, সদস্য হবিবুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীথি রানী তালুকদার, বাঁচাও হাওর আন্দোলনের আহ্বায়ক সাজিদুর রহমান সুহেল, বিদ্যালয়ের ভূমিদাতা পরিবারের সদস্য হাজী মানিক মিয়া। শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্র নাসির উদ্দিন।
অনুষ্ঠানে সংসদ সদস্য মোকাব্বির খান, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আরশ আলী ও সদস্য হবিবুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধিত করা হয়।
হাবিবা আক্তার////