
দিনরাত সংবাদ ঃ সিলেট শহরতলির শাহপরাণ প্রেসক্লাবের উদ্যোগে দুস্থদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল তিনটায় প্রেসক্লাবের পক্ষে ওই খাদ্য সহায়তা বিতরণ করেন শিশু ছামিরা আক্তার জাহরিন।
বিকেল তিনটায় প্রধান অতিথি হিসেবে জাহরিন তার বাবা জাহাঙ্গির আলমের কোলে চেপে অনুষ্ঠানস্থলে আসেন। খাদ্য সহায়তা বিতরণে জাহরিনকে সহায়তা করেন সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা যুবরগি নেতা জাহাঙ্গির আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রেসক্লাবের সহসভাপতি সাদিকুর রহমান সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পারভেজ আহমদ রাজুর পরিচালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন যুবলীগ নেতা জাহাঙ্গির আলম, দৈনিক সিলেটের দিনরাত পত্রিকার সম্পাদক মুজিবুর রহমান ডালিম, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আতিকুল ইসলাম আতিক প্রমুখ।
জাহাঙ্গির আলম বলেন, শাহপরাণ প্রেসক্লাবের সদস্যরা নিজ উদ্যোগে দুস্থদের জন্যে খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে এসে একটি ভালো নজির স্থাপন করেছেন। লকডাউনের সময় কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন। সমাজের বিত্তবানরা এভাবে এগিয়ে এলে অসহায় ও কর্মহীন হয়ে পড়া মানুষ সুস্থভাবে বেঁচে থাকার অবলম্বন পাবেন। আগামীতে এই প্রেসক্লাবের সামাজিক কর্মকান্ডে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন তিনি।
তিনি বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করেছেন। এই অবস্থা মোকাবেলায় সরকার দেশে লকডাউন ঘোষণা করেছে। সরকারের এই পদক্ষেপকে সর্বাত্মক সফল করে তুলতে তিনি সকলের প্রতি অনুরোধ জানান।