, ,

সাদিপুরে অধিগ্রহণকৃত সম্পত্তিতে একতরফা মালিকানা দাবি, বাদ পড়লেন প্রকৃত অংশীদার

admin
প্রকাশিত August 1, 2025, 12:47 PM
সাদিপুরে অধিগ্রহণকৃত সম্পত্তিতে একতরফা মালিকানা দাবি, বাদ পড়লেন প্রকৃত অংশীদার

ওসমানীনগর (সিলেট)

সিলেটের ওসমানীনগরের সাদিপুর মৌজায় সরকার কর্তৃক অধিগ্রহণকৃত একটি দোকানঘরের ক্ষতিপূরণ নিয়ে উঠেছে জালিয়াতির অভিযোগ। এলএ মামলা নং ১১/২০২১-২০২২-এর আওতায় অধিগ্রহণ হওয়া ওই দোকানঘরটির যৌথ মালিক আমান আহমদ অভিযোগ করেছেন, তদন্তে তাঁর এবং পরিবারের অন্য সদস্যদের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দিয়ে একতরফাভাবে কেবল তাঁর চাচা আব্দুল মানিকের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

অভিযোগে বলা হয়, খতিয়ান নং ৯৬৪ ও দাগ নং ১৪৭০ অনুযায়ী উক্ত দোকানঘরটি যৌথভাবে আমান আহমদ এবং আব্দুল মানিক গং-এর মালিকানাধীন। এ বিষয়ে একটি লিখিত আপসনামাও সম্পাদিত হয় ১৪ অক্টোবর ২০২৪ তারিখে, যেখানে স্থানীয় ইউপি চেয়ারম্যান চামেলী রানী দে ও অন্যান্য ব্যক্তিবর্গ সাক্ষী ছিলেন। আপসনামায় স্পষ্টভাবে উল্লেখ আছে, “ক্ষতিপূরণ উভয় পক্ষের মাঝে সমানভাবে বণ্টিত হবে।”

 

তবে মাঠ তদন্ত প্রতিবেদনে শুধুমাত্র আব্দুল মানিকের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিযোগকারী আমান আহমদের দাবি, এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত জালিয়াতির ফল এবং এতে সংশ্লিষ্ট কর্মকর্তারাও জড়িত থাকতে পারেন।

 

তিনি আরও অভিযোগ করেন, জমি সংক্রান্ত আবেদন করলে তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। “হাত-পা গুঁড়িয়ে ফেলার” হুমকির একটি অডিও ক্লিপও প্রমাণ হিসেবে তাঁর কাছে রয়েছে। এসব ঘটনায় ভূমি অফিসের কিছু কর্মকর্তার যোগসাজশ রয়েছে বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি।

 

প্রধান দাবিসমূহ:

 

১. এলএ মামলায় যৌথ মালিকদের নাম অন্তর্ভুক্ত ও পূর্বের ভুল সংশোধন।

২. মাঠ তদন্তে জালিয়াতি তদন্ত করে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা।

৩. হুমকি প্রদানকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা এবং নিরাপত্তা নিশ্চিতকরণ।

 

এই বিষয়ে জানতে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

ক্ষতিপূরণ বণ্টনে এ ধরনের অনিয়ম ও হুমকি-ধামকির অভিযোগ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে স্থানীয়দের মাঝে।