, ,

১৭ বছরের স্থবিরতা ভেঙে সিলেট-২ এ লুনার নেতৃত্বে জেগে উঠছে বিএনপি

প্রকাশিত August 8, 2025, 07:16 PM
১৭ বছরের স্থবিরতা ভেঙে সিলেট-২ এ লুনার নেতৃত্বে জেগে উঠছে বিএনপি

ওসমানীনগর প্রতিনিধিঃঃ
দীর্ঘ ১৩ বছর ধরে নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় নেতা এম. ইলিয়াস আলীর শূন্যতায় যে স্থবিরতা বিরাজ করছিল সিলেট-২ আসনে বিএনপির রাজনীতিতে, সেই শূন্যতা ধীরে ধীরে পূরণ করতে দৃঢ় পদক্ষেপে এগিয়ে আসেন তার সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা। রাজনৈতিক অঙ্গনে একসময় নীরব থাকা নেতাকর্মীরা এখন আবারও সক্রিয় হচ্ছেন লুনার নেতৃত্বে।

বিশ্বনাথ ও ওসমানীনগর—এই দুই উপজেলাজুড়ে গত এক বছরে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে চোখে পড়ার মতো পরিবর্তন এসেছে। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে লুনার উপস্থিতি ও নেতৃত্বে বিএনপির রাজনীতি পেয়েছে নতুন গতি ও স্পন্দন।

স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, “ফ্যাসিস্ট সরকারের” শাসনামলে মামলা-হামলা, জেল-জুলুম, গ্রেপ্তার ও নির্যাতনের ভয় কাটিয়ে তারা আবারও রাজপথে ফিরেছেন।

২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকায় নিখোঁজ হন এম. ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনছার আলী। সেই ঘটনার প্রতিবাদে দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে পড়ে। বিশেষ করে ইলিয়াস আলীর নিজ এলাকা বিশ্বনাথে ২৩ এপ্রিল পুলিশের গুলিতে প্রাণ হারান বিএনপির তিন সমর্থক—সেলিম, জাকির ও মনোয়ার।

এরপর প্রায় ১৭ বছর ধরে সিলেট-২ আসনে বিএনপির রাজনীতি কার্যত ছিল স্থবির। মামলা ও গ্রেপ্তার আতঙ্কে অনেক নেতাকর্মী দলীয় কর্মকাণ্ড থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। তবে কঠিন সেই সময়ে দলীয় নেতা-কর্মীদের পাশে থেকে সাহস, আশ্রয় ও দিকনির্দেশনা দিয়ে গেছেন তাহসিনা রুশদীর লুনা।

তিনি শুধু নিখোঁজ নেতার স্ত্রী নন, আজ তিনি হয়ে উঠেছেন একটি রাজনৈতিক আদর্শের প্রতীক ও দলের আস্থার প্রতিচ্ছবি। লুনার নেতৃত্বেই এখন সিলেট-২ আসনে বিএনপির ঘাঁটি আবারও শক্তিশালী করে গড়ে তোলার স্বপ্ন দেখছেন নেতাকর্মীরা।

ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ বলেন,
“দীর্ঘ ১৭ বছর পর আসন্ন নির্বাচনে আমরা আশাবাদী। তাহসিনা রুশদীর লুনার নেতৃত্বে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে তার বিজয় শুধু সিলেট নয়, গোটা বাংলাদেশের জন্যই একটি ঐতিহাসিক বার্তা হয়ে উঠবে।”

দলীয় সূত্র বলছে, সিলেট-২ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে আলোচনা এখন তুঙ্গে। স্থানীয় পর্যায়ে কর্মীদের প্রত্যাশা ও জনপ্রিয়তায় এগিয়ে আছেন তাহসিনা রুশদীর লুনা। নির্বাচন ঘিরে বিশ্বনাথ ও ওসমানীনগরে এখন উৎসবের আমেজ।

রাজনীতির বিশ্লেষকরা মনে করছেন, লুনার নেতৃত্ব শুধু একটি আসনের পুনরুত্থান নয়, বরং তা হতে পারে নিখোঁজ রাজনীতিবিদ এম. ইলিয়াস আলীর আদর্শ ও রাজনীতিকে বাঁচিয়ে রাখার এক দৃঢ় প্রয়াস।