, ,

ওসমানীনগরের গোয়ালাবাজারে ১৪ লক্ষাধিক টাকার ভারতীয় অবৈধ বিড়িসহ এক ব্যবসায়ী আটক

admin
প্রকাশিত September 3, 2025, 06:46 PM
ওসমানীনগরের গোয়ালাবাজারে ১৪ লক্ষাধিক টাকার ভারতীয় অবৈধ বিড়িসহ এক ব্যবসায়ী আটক

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধঃ
সিলেটের ওসমানীনগরের বাণিজ্যিক প্রাণকেন্দ্র গোয়ালাবাজারে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ নাসির বিড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় সুব্রত কর নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জব্দকৃত বিড়ির বাজারমূল্য প্রায় ১৪ লক্ষ ৫৩ হাজার ৫০০ টাকা।
বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গোয়ালাবাজারের একটি গলির ভেতরে অবস্থিত একটি গুদামে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন। অভিযানে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর একটি বিশেষ দল অংশ নেয়, যার নেতৃত্বে ছিলেন র‍্যাব-৯ এর এসপি গোলাম কিবরিয়া।
অভিযানকালে মোট ৮ লাখ ৭ হাজার ৫০০ শলাকা ভারতীয় অবৈধ নাসির বিড়ি জব্দ করা হয়। আটক ব্যক্তি সুব্রত করকে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এস এম মাহমুদুল হাসান রিপন।
তিনি আরও জানান, এ ঘটনায় র‍্যাব-৯ বাদী হয়ে একটি মামলা দায়ের করবে। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রসঙ্গত, ভারতীয় অবৈধ পণ্য আমদানি ও বিপণন আইনের পরিপন্থী এবং এর ফলে সরকারের রাজস্ব হারানোর পাশাপাশি দেশের বৈধ বাজার ব্যবস্থা হুমকির মুখে পড়ে। প্রশাসনের এমন অভিযান অবৈধ ব্যবসা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।