, ,

দিরাইয়ে দুই সন্তানকে হাওরের পানিতে ফেলে হত্যা, বাবার স্বীকারোক্তি

admin
প্রকাশিত August 13, 2026, 01:46 PM
দিরাইয়ে দুই সন্তানকে হাওরের পানিতে ফেলে হত্যা, বাবার স্বীকারোক্তি

কিশাল শেখর দাস,সুনামগঞ্জ : 

সুনামগঞ্জের দিরাইয়ে দুই শিশু সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরের পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে তাদের বাবা কামরুল হাসানের বিরুদ্ধে।

নিহত দুই শিশু হলো তুলনা আক্তার ও মুহাদ্দিস মিয়া। তারা দিরাই উপজেলার পেরুয়া মধুপুর গ্রামের দিনমজুর কামরুল হাসানের সন্তান।

পারিবারিক কলহ ও মানসিক অশান্তির জেরে গত ৭ আগস্ট সন্তানদের নিয়ে সিলেট শহরে যান কামরুল হাসান। দুই দিন সেখানে অবস্থানের পর ৯ আগস্ট বিকেলে সন্তানদের নিয়ে দিরাই ফেরার পথে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের ডাবর এলাকায় ছোট মেয়ে তুলনা আক্তারকে পানিতে ফেলে দেন বলে অভিযোগ।

পরে বড় ছেলে মুহাদ্দিস মিয়াকে কলার সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে ঘুমন্ত অবস্থায় দিরাইয়ের রাস্তার মোড় সংলগ্ন দেখার হাওরের পানিতে ফেলে দেন তিনি।

১০ আগস্ট বিকেলে সন্তানদের ছাড়া একা বাড়িতে ফিরে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন কামরুল হাসান। এদিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল দেখার হাওরে গিয়ে পৃথক দুটি স্থান থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

কামরুল হাসানের অস্বাভাবিক আচরণে সন্দেহ হলে স্থানীয়রা তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে জিজ্ঞাসাবাদে সন্তানদের হত্যার কথা স্বীকার করেন তিনি।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ পিপিএম জানান, দুই শিশু হত্যার ঘটনায় অভিযুক্ত বাবা কামরুল হাসানকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।