
সুনামগঞ্জ সদর এলাকা থেকে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনার দুই সপ্তাহ পর প্রধান আসামিকে গ্রেপ্তার এবং অপহৃত ভিকটিমকে উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-9)।
শনিবার (২২ আগস্ট) বিকেল আনুমানিক ৫:৫০ মিনিটে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানাধীন পাগলা বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামি আলহাম হোসেনকে (২৬) গ্রেপ্তার করা হয়। একই সময় অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হন র্যাব সদস্যরা।
র্যাব-৯ জানায়, ভিকটিম সুনামগঞ্জ সরকারি সতীশ চন্দ্র গার্লস হাই স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী। গ্রেপ্তারকৃত আসামি আলহাম হোসেন প্রবাসে থাকা অবস্থায় ভিকটিমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে সতর্ক করেন এবং যোগাযোগ বন্ধ করতে বলেন। পরবর্তীতে প্রবাসী আসামি দেশে ফিরে স্কুলে যাওয়ার পথে ভিকটিমকে উত্যক্ত করতে থাকে। এতে অতিষ্ঠ হয়ে পরিবারকে জানালে পরিবারের পক্ষ থেকে নিষেধ করা হয়। এর জেরে আসামি ক্ষিপ্ত হয়ে ভিকটিমকে অপহরণের হুমকি দেয়।
এরই ধারাবাহিকতায় গত ৮ আগস্ট রাত ৮টার দিকে ভিকটিম নিজ বসতঘরের সামনে হাঁটাহাঁটি করার সময় আসামি ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার পর ভিকটিমের বাবা বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন (মামলা নং-২৩, তারিখ: ১০/০৮/২০২৬)।
মামলা দায়েরের পর র্যাব-৯ (সিপিসি-৩, সুনামগঞ্জ) ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে ২২ আগস্ট পাগলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার ও ভিকটিমাকে উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।