
২৫ আগস্ট শুরু হচ্ছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক যাত্রা: প্রথম দিনই সুধী সমাবেশ
সিলেট: আগামী ২৫ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিডিএ)। সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।
তিনি জানান, উদ্বোধনী দিনে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, জাতীয় সংসদ সদস্য, সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং সাংবাদিক প্রতিনিধিরা অংশ নেবেন।
চেয়ারম্যান আরও জানান, খুব শীঘ্রই ২১ সদস্য বিশিষ্ট সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হতে যাচ্ছে। ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৩’ মোতাবেক পরিকল্পিত নগর গঠনে ভূমির যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণ, ভবন নির্মাণ, অনুমোদন, সংরক্ষণ ও অপসারণসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করবে এই কর্তৃপক্ষ।
উদ্বোধনের পর পর সরকারি বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় সভা, পেশাজীবী সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় এবং স্থপতি ও ডেভেলপারদের নিয়ে আধুনিক নগর বিষয়ক সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালা আয়োজন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।