
সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এক কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও টাস্কফোর্স। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ১০টি বারকি নৌকা জব্দ করে বিনষ্ট করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের রাংপানি নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র রাংপানি নদী থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলন করে পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহ বিনষ্ট করছিল। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই যৌথ অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও বাংলাদেশ পুলিশ।
অভিযানকালে নদী থেকে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১০টি বারকি নৌকা আটক করা হয়। পরবর্তীতে পরিবেশ রক্ষা ও ভবিষ্যতে এমন অপতৎপরতা বন্ধের লক্ষ্যে স্থানীয় জনগণের প্রত্যক্ষ সহায়তায় জব্দকৃত নৌকাগুলো ঘটনাস্থলেই ভেঙে ও পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, নদী ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নদী ও পরিবেশের ক্ষতি করে এমন যেকোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের টাস্কফোর্স অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। একই সাথে পরিবেশ বিধ্বংসী এই ধরনের অপকর্ম থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সকলকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে।