, ,

সিলেটে সাংবাদিকের গাড়ির চাকার নাট খোলা নিয়ে রহস্য, নিরাপত্তা শঙ্কায় জিডি

admin
প্রকাশিত October 17, 2026, 06:16 PM
সিলেটে সাংবাদিকের গাড়ির চাকার নাট খোলা নিয়ে রহস্য, নিরাপত্তা শঙ্কায় জিডি

সিলেট প্রতিনিধি:

সিলেটে এনটিভি ইউরোপের প্রতিনিধি মো. আফজালুর রহমান চৌধুরীর ব্যবহৃত প্রাইভেট কারের সামনের চাকা খুলে যাওয়ার ঘটনায় নাশকতার আশঙ্কা তৈরি হয়েছে। পেশাগত দায়িত্ব পালন ও বিভিন্ন প্রতিবেদন প্রকাশের কারণে কেউ ইচ্ছাকৃতভাবে গাড়ির চাকার নাট ঢিলে করে রেখেছিল কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা জানিয়ে শুক্রবার (১৬ অক্টোবর) রাতে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডির আবেদনে আফজালুর রহমান চৌধুরী উল্লেখ করেন, গত ১৫ অক্টোবর এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকায় তাঁর এক চাচাতো ভাইয়ের জানাজার নামাজে অংশ নিতে যান তিনি। এ সময় নিজের ব্যবহৃত প্রাইভেট কারটি সেখানে পার্ক করে রাখেন। জানাজা শেষে বাড়িতে ফিরে পুনরায় ধোপাগুল যাওয়ার পথে হঠাৎ গাড়িটির সামনের একটি চাকা খুলে যায়। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান তিনি।

পরে গাড়িটি পরীক্ষা করে সামনের অপর চাকাটির নাটও খোলা অবস্থায় দেখতে পান বলে জিডির আবেদনে উল্লেখ করেন তিনি।

আফজালুর রহমান চৌধুরীর আশঙ্কা, পেশাগত দায়িত্ব পালন এবং বিভিন্ন প্রতিবেদন প্রকাশের জেরে কেউ ক্ষতিসাধনের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে গাড়ির চাকার নাট ঢিলে করে রাখতে পারে। এ ঘটনাকে কেন্দ্র করে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন তিনি।

এ ঘটনায় সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় ৮০৮/১৬-১০-২০২৬ নম্বরে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

তবে গাড়ির চাকা খুলে যাওয়ার পেছনে কোনো নাশকতা ছিল কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।