গ্রিন টি সরাসরি আপনার ওজন কমাবে না। নিয়মিত গ্রিন টি খেলে বাড়তি মেদ ঝরে যাবে, এমনটা ভেবে নেওয়া যাবে না। গ্রিন টি আমাদের বিপাক হার বাড়ায়। অর্থাৎ ক্যালরি পোড়ানোর কাজটা ত্বরান্বিত হয় গ্রিন টির প্রভাবে। ওজন নিয়ন্ত্রণের জন্য আপনাকে শরীরচর্চা করতেই হবে। গ্রিন টি কখনোই শরীরচর্চার বিকল্প নয়। তবে রোজ এই পানীয় পান করলে আপনার শরীরচর্চাটা আরও বেশি কার্যকর হয়ে উঠবে। গ্রিন টি পান করলে বারবার ক্ষুধা লাগার প্রবণতাও কমে। বুঝতেই পারছেন, সব মিলিয়ে ওজন কমাতে গ্রিন টি একটি সহায়ক ভূমিকা পালন করে।
মারাত্মক কিছু রোগের ঝুঁকি কমাতে
নিয়মিত গ্রিন টি পান করা হলে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদ্রোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে। ওজন নিয়ন্ত্রণে রাখতে পারলেও এসব রোগের ঝুঁকি কমে যায়। অনেকেই কম বয়সে এসব মারাত্মক রোগে আক্রান্ত হন। তাই সচেতনতা প্রয়োজন সবারই। অন্যান্য অনেক পানীয়ের চেয়ে গ্রিন টি অনেক বেশি নিরাপদ।